যশোর সদর উপজেলার বসুন্দিয়ার আদর্শ মানুষ ফাউন্ডেশন’র উদ্যোগে সোমবার স্কুল চলাকালীন সময়ে চারটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ রাজুর তত্ত্বাবধানে একটি মাদ্রাসা ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ব্যতিক্রমী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রখর তাপ, বৃষ্টি সহ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি খেয়াল রেখে এই ছাতা বিতরণ কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। ইতিপূর্বেই এই ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, চাউল, চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানের পাশাপাশি ছাতা বিতরণের মতো ব্যতিক্রমী ও আকর্ষণীয় কর্মসূচি সম্পন্ন করা হয়। বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ এবং পূর্ব বসুন্দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৫ টি করে মোট ৬০টি মানসম্মত ছাতা প্রদান করা হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এসকল ছাতা বিতরণ করা হয়।
ফাউন্ডেশন এর চেয়ারম্যানসহ ছাতা বিতরণ কর্মসূচিতে ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আশরাফ মিলন, সাধারণ সম্পাদক আরমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক এম এ করিম, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সবুজ, সদস্য মোঃ শহিদুল ইসলাম মিন্টু, খন্দকার মশিউর রহমান এমদাদ। ছাতা বিতরণের সময় মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ বলেন আমরা সময়োপযোগী বিভিন্ন মানবিক কর্মতৎপরতা চলমান রাখবো। শিক্ষাক্ষেত্রে আমরা উন্নতির লক্ষ্যে আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবো।