বোয়ালমারীতে মাল্টিপ্লাগে হাত দিয়ে প্রাণ গেল শিশুর, শোকে স্তব্ধ পরিবার

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

ফরিদপুরের বোয়ালমারীতে মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারদিন সৌদি প্রবাসী মোঃ তারিকুল শেখের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। তার মা রান্নাঘরে কাজ করছিলেন। ঘুম থেকে উঠে একা একা খেলতে গিয়ে ফ্যান চালানোর জন্য ব্যবহৃত একটি সচল মাল্টিপ্লাগের ছিদ্রে আঙুল ঢুকিয়ে দেয় সে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।