বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৬ দিন আগে

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতাপ পাল (৪৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামের মধ্যপাড়া এলাকায় মমিন মুন্সীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ পাল ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয়রা জানান, প্রতাপ পাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে হঠাৎ জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার এসআই পবিত্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চলার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল আসায় প্রতাপ পাল হঠাৎ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পল্লী চিকিৎসক প্রতাপ পালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।