মাগুরায় সিরাজ স্মরণে ৪০ জেলার ডেকোরেশন মালিকদের মিলনমেলা

✍🏻: মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (সিরাজ)-এর স্মরণে মাগুরায় দেশের বিভিন্ন জেলার ডেকোরেশন মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় শ্রাবণী ডেকোরেটরের মালিকানাধীন নিভৃ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ৪০ জেলার ডেকোরেশন মালিক সমিতির প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেকোরেটর্স মালিক সমিতি, ঢাকা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলহাজ এম. এ. ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আইয়ুব আলী মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রাবণী ডেকোরেটরের প্রতিষ্ঠাতা পরিচালক ও ডেকোরেটর মালিক সমিতি, মাগুরার সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, খুলনা বিভাগীয় ডেকোরেশন মালিক সমিতির সভাপতি জাকির হোসেন পল্টু, সহ-সভাপতি ইমরান হোসেন,  সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ হাসান আব্দুর রব মানতো, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক বাবুল খানসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (সিরাজ)-এর কর্মময় জীবন, সততা, সমাজসেবা এবং ডেকোরেটর ব্যবসার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও নেতৃত্ব ডেকোরেটর ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাজসম্ভারের জেনারেল ম্যানেজার (অপারেশন) এইচ. এন. কামরুল ইসলাম এবং খুলনা বিভাগীয় ডেকোরেশন মালিক সমিতির দপ্তর সম্পাদক বাবুল খান। সার্বিক পরিচালনায় ছিলেন সাজসম্ভারের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম) মো. ইমদাদুল হক।

সবশেষে মরহুম আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (সিরাজ)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।