যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবককে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আকাশ মাগুরা সদর উপজেলার বাসিন্দা আরিফের ছেলে। তিনি যশোর সদর উপজেলার ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মুমিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আগে তিনি একটি হোটেলে কাজ করতেন। বর্তমানে মোবাইলের দোকানে কাজ করেন। ওই বাসায় তার সঙ্গে শফিকুল নামে আরেক যুবক থাকতেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে শফিকুল পলাতক রয়েছেন। যা নিয়ে রহস্য তৈরী হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার কোনো এক সময় আকাশকে তার ভাড়া বাসার কক্ষে মারধর করা হয়। এ সময় তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাইরে থেকে কক্ষের দরজায় তালা লাগিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান, আকাশ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় আকাশ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি অচেতন অবস্থায় আছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
