যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মামুনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে পিবিআই যশোরের এসআই রতনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মামুনকে তার নিজ এলাকা থেকে আটক করে। রাতভর অভিযান শেষে তাকে আটক করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে। আটক মামুন লাউজুনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে মা আনোয়ারা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর থেকে বিষয়টি তদন্তে মাঠে নামে পিবিআই। পরে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।
পিবিআই যশোর সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর ৩টায় এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
