টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবারও নেই আগের মতো রাজনৈতিক ও আনুষ্ঠানিক আয়োজন। ১৫ আগস্টকে ঘিরে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) থেকেই টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাগেছে, আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এর তিনটি গেট ও এর আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোষাকে আইন-শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। নিরাপত্তার কারণে সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত ছিলো। তবে জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ জন্মস্থান টুঙ্গিপাড়ায় নিয়ে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবেও পালন করা হতো।
২০২৪ সালের ১৫ আগস্ট পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ওই বছর সমাধিসৌধ কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আগের মতো কোনো রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন দেখা যায়নি। সে সময়ও সমাধিসৌধ কমপ্লেক্সের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও প্রকাশ্যে দেখা যায়নি।
এবছরও ১৫ আগস্টেও টুঙ্গিপাড়ায় একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। মাঠপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা যায়নি। সমাধিসৌধ কমপ্লেক্স ও এর আশপাশে নেই আগের মতো নেতাকর্মীদের ভিড় কিংবা শোকের আনুষ্ঠানিক আয়োজন। ফলে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই নীরব পরিবেশে পার হচ্ছে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
