রাবিতে সাংবাদিকদের ওপর হা`ম`লা`র বিচার দাবিতে যবিপ্রবিসাস’র মানববন্ধন

✍🏻:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. ইমরান হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. রকিবুল হাসান তারেক এবং সদস্য ও আরটিভির প্রতিনিধি আলফাজ হোসেন আরবি।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, দেশের বিভিন্ন সংকট ও আন্দোলনে সাংবাদিকরা মানুষের অধিকার ও সত্যের পক্ষে কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয় ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের ২৫ মে থেকে ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অন্তত ৩৪ জন ক্যাম্পাস সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে মানববন্ধনে জানানো হয়। এ ঘটনায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করেন বক্তারা।