Deshdristi24
যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ- ২০২৬ এর প্রথম দিনে প্রার্থীদের শারিরীক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
কার্যক্রমের শুরুতে পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ গ্রহণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন সময়ে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে নিয়োগ প্রক্রিয়া বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন নিয়োগ বোর্ডের সভাপতি। তিনি দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের করণীয় বিষয়ে নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি প্রার্থীদের আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
