যশোরের শংকরপুরের মশিউরের বাড়িতে ফের অভিযান, এবার ১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
যশোরের আলোচিত মাদক কারবারি শংকরপুরের মশিউরের বাড়িতে ফের অভিযান চালিয়েছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শুক্রবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশে মাদক হিসেবে বিক্রি করা হয়। আটক মশিউর যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তার বড় ভাই প্রয়াত বিএনপি নেতা নুরুন্নবী সাবেক পৌর কমিশনার ছিলেন। অপর দুই ভাই ছিলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হাসান ও মিজান। ভাইদের দাপটে তিনি মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের মধ্য থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাব আরও জানায়, গত জুন মাসে একইভাবে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কয়েক দিনের ব্যবধানে জামিনে বের হয়ে ফের মাদকের কারবার শুরু করেন মশিউর।530
