গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ চাপায় অসিম (২৭) নামে আশ্রমের এক সেবায়েত নিহত হয়েছেন। আজ রবিবার (০৫ জুলাই) বিকেল কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে’ এ দুর্ঘটনা ঘটে|
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা| এই ঘটনায় এলাকায় ও আশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে|
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে আশ্রমের গাছ কাটা হচ্ছিল| এসময় একটি বড় গাছ চারজন মিলে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন| এর এক পর্যায়ে গাছটি ঘাড় থেকে ফেলার সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসিম সময়মতো সরতে না পারায় গাছের চাপায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান| পরে আশ্রমের অন্য সেবায়েতসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
