যশোর শহরের দড়াটানা এলাকার জামতলা মিষ্টান্ন ভান্ডারের কারখানা ও বটতলা হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আদালত সূত্র জানায়, প্রথমে শহরের ঘোপ জেলরোড এলাকার তরিকুল ইসলামের বাড়ির গলিতে অবস্থিত জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ, খোলা অবস্থায় মিষ্টি রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দড়াটানা মোড়ের বটতলা হোটেলে অভিযান চালানো হয়। সেখানে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
