যশোরের কেশবপুরে বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জনাব আলী নতুন মূলগ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে জনাব আলী বাড়ি থেকে বের হয়ে নতুন মূলগ্রামের একটি বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে জনাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
