আন্তর্জাতিক যুব দিবসে এমপি ইলিয়াস মোল্লা: যুব উন্নয়নে সরকারের সুপরিকল্পনা নেই

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ৩ মাস আগে
আন্তর্জাতিক যুব দিবসে এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেছেন, দেশের যুবসমাজকে মেধার ভিত্তিতে কাজে লাগাতে কার্যকর পরিকল্পনা প্রয়োজন, কিন্তু বর্তমান সরকারের যুব উন্নয়নে কোনো সুপরিকল্পনা নেই। বাজেটে যুবকদের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দও দেখা যায় না। তিনি বলেন, “বিশাল এই জনগোষ্ঠীকে কাজে লাগাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
বুধবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বোয়ালমারীতে আয়োজিত যুব র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন; দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ড. ইলিয়াস মোল্লা শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে দলীয়করণ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অথচ তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
এর আগে ছোলনা সালামিয়া মাদ্রাসা থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারি হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মাহামুদুল হাসান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, পৌর আহ্বায়ক মুশফিকুর রহিম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।