কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

✍🏻: কেশবপুর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

যশোরের কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা শাখার অন্তর্গত কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘কৃতি শিক্ষার্থী মিলনমেলা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম. মিনারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য ফাহিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সাবেক খুলনা মহানগর সভাপতি সাইয়েদুর রহমান সাইদ এবং জেলা অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।