মৃত তরুণীর মরদেহের সঙ্গে অমানবিক আচরণ, অ্যাম্বুলেন্স চালক আটক

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে
মৃত তরুণীর মরদেহের সঙ্গে অমানবিক আচরণ, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এক তরুণীর মরদেহের প্রতি অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে সাগর শেখ নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীরা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রাম থেকে সাদিয়া আক্তার লামিয়া (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাখা হয়। রাত হয়ে যাওয়ায় মরদেহটি অ্যাম্বুলেন্সেই রাখা ছিল।

অভিযোগ ওঠে, গভীর রাতে ড্রাইভার সাগর শেখ অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে ভেতরের মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা চালান। এ সময় নিহতের মা বিষয়টি টের পেয়ে চালককে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার করেন। পরবর্তীতে রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা অভিযুক্ত সাগর শেখকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় নিশ্চিত করেছেন যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।