নড়াইলে ছয় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছয় ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বিকেলে আট বছর বয়সী এক শিক্ষার্থীর মা সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় যান। এ সময় শিশুটি তার মাকে জানায়, ২৭ আগস্ট রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে বলাৎকার করেছেন।

শিশুটির মা বিষয়টি মাদরাসার আরেক শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বর্ণনা দেয়। পরে মাদরাসার আরও পাঁচ শিশু অভিযোগ করে, গত কয়েক দিনে শিক্ষক মাহবুবুর রহমান তাদেরও বলাৎকার করেছেন।

ঘটনাগুলো জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক ২৮ আগস্ট মাদরাসা থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করে।

২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটির হেফজ বিভাগে বর্তমানে ১৪ জন ছাত্র পড়ালেখা করছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন দুজন।

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মাহবুবুর রহমানকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।