বোয়ালমারীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে পাওয়া গেল কিশোরের মরদেহ

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পুকুর থেকে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার স্টেডিয়াম (জর্জ একাডেমী খেলার মাঠ) সংলগ্ন একটি পুকুর থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত রাহুল বিশ্বাস পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের কামাল বিশ্বাসের মেঝো ছেলে। সে স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্টেডিয়াম মাঠসংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে বিকেল ৪টার দিকে তার মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহতের বাবা কামাল বিশ্বাস জানান, ছেলেকে খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত পুকুর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাহুল মৃগী রোগে আক্রান্ত ছিল।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।