এসএসসি পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ১,৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ৭৫২ জন

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। পুনঃনিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পর ৩৮০ জন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে একজন ‘এ’ গ্রেড, ৩ জন ‘এ-’, ৩৩ জন ‘বি’, ১৯ জন ‘সি’ এবং ৩২৪ জন ‘ডি’ গ্রেড অর্জন করেছেন।

 

এ ছাড়া পুনঃনিরীক্ষণের পর নতুন করে ৭৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়েছেন। এর মধ্যে আগে ‘এ’ গ্রেড পাওয়া ৭৩১ জন, ‘এ-’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘বি’ গ্রেড পাওয়া ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

পুনঃনিরীক্ষণের ফলে আরও কয়েকজন শিক্ষার্থীর গ্রেড উন্নীত হয়েছে। এর মধ্যে ‘এ-’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন, ‘বি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছেন ১২ জন এবং ‘সি’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন একজন শিক্ষার্থী।

এ ছাড়া ‘বি’ থেকে ‘এ-’ গ্রেডে উন্নীত হয়েছেন ১৫০ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড।