২৪ ঘন্টার ব্যবধানে গোপালগঞ্জের মুকসুদপুরে থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর ও মধ্য বনগ্রাম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ আল-মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার ভাবরাশুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী মিম বেগম (২২) ও একই উপজেলার মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী শামসুন্নাহার রেশমা (৩০)।
ওসি মো: আবদুল্লাহ আল-মামুন বলেন, চার বছর আগে ভালবাসার মাধ্যমে মিমের (২২) সাথে তারিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আজ সকালে মীমকে বেধরক মারধর করা হয়। এসম তারিকুল প্রতিবেশী এক নারীকে স্ত্রীকে দেখে আসতে বললে, তিনি গিয়ে মীমকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল ইসলাম পলাতক রয়েছেন।
অপরদিকে, উপজেলার বনগ্রামে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শামসুন্নাহার রেশমাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হয়েছে।
