বৃষ্টিতে ভিজে নুরজাহানের বাড়িতে হুইলচেয়ার পৌচালো ‘চৌগাছা পরিবার’

✍🏻: চৌগাছা প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের চৌগাছায় দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে চলাফেরায় অক্ষম মোছা. নুরজাহান বেগমকে একটি হুইলচেয়ার দিয়েছে সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নুরজাহান বেগমের বাড়িতে গিয়ে সংগঠনের সদস্যরা তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা তাঁর বাড়িতে উপস্থিত হন।

পরিবার সূত্রে জানা গেছে, নুরজাহান বেগম প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। তাঁর স্বামী মো. বাবলুর রহমান দিনমজুরের কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের মধ্যে সংসারের খরচ এবং স্ত্রীর চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করায় পরিবারের পক্ষে একটি হুইলচেয়ার কেনা সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় নুরজাহান বেগমের পরিবারের পক্ষ থেকে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেনের আহ্বানে এবং দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় তাঁকে হুইলচেয়ারটি দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে নুরজাহান বেগমের পরিবারের সদস্যরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন মো. শাহিন কবির, মো. কামরুল হাসান, দীপ্ত বিশ্বাস, মো. আছির উদ্দিন, মো. সম্রাট শাকিল, মো. মনিরুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম রনি, মো. জাহাঙ্গীর আলম, অরিত্র সরকার, মো. সোহান হুসাইন ও মো. ইয়ামিন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি অসহায়, দরিদ্র, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে সংগঠনের সদস্যরা জানান। ভবিষ্যতেও দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তাঁরা।