শার্শায় মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ এক নারী আটক

✍🏻: শার্শা প্রতিনিধি:
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া খাতুন (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় অপর একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক নারী শার্শা উপজেলার উলাশী গ্রামের তারেক আজিজের স্ত্রী রাবেয়া খাতুন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলার সমন্ধকাটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সমন্ধকাটি গ্রামের শহীদুল ইসলামের বাড়ির পেছনে সমন্ধকাটি থেকে জিরেনগাছাগামী কাঁচা সড়কে অভিযান চালিয়ে নারী পুলিশের সহায়তায় রাবেয়া খাতুনকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অপর একজন কৌশলে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক রাবেয়া খাতুনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।