ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৭৩ হাজার অতিক্রম করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭৩,০৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১,৭৩,৫৫০ জন, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। গাজার ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থার কারণে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
প্রতিবেদনে আরও একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গত বছরের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি তথাকথিত “যুদ্ধবিরতি” চুক্তি কার্যকর করা হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান পুরোপুরি বন্ধ হয়নি। চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত নতুন করে ১,০৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪৪৫ জন।
মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির নানা চেষ্টা সত্ত্বেও গাজার সাধারণ মানুষের ওপর এই সহিংসতা অব্যাহত রয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিচ্ছে।
