যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহিদুল ইসলাম (২৪) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল ইসলাম রঘুনাথপুর গ্রামের তপু নামে এক ব্যক্তির নির্মাণাধীন একতলা বসতবাড়িতে রডমিস্ত্রির কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত একটি রড রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে বাড়ির লোকজন ও অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। বিকেল ৪টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
