চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক মামলার আসামি হিরাকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে ডিবির এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম চৌগাছা হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে। আটক হিরা চৌগাছার বিশ্বাসপাড়ার শফিয়ার রহমানের ছেলে।
ডিবির ওসি মো. মামুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হিরার বিরুদ্ধে এ পর্যন্ত ১২টি মামলা পাওয়া গেছে। অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে । তার বিভিন্ন সহযোগীর সন্ধানে ডিবির টিম মাঠে রয়েছে । বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন আটক হিরা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মেয়র আল মামুন হিমেলের অনুসারী ছিলেন। সে সময় তিনি ঘের দখল, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সরকার পতনের পর কয়েকদিন আত্মগোপনে থাকার পর ফের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বর্তমানে হিরা বিএনপি নেতা জহুরুল ইসলামের নাম ভাঙিয়ে আগের অবস্থানে ফিরে গেছেন বলেও স্থানীয়দের অভিযোগ।
