যশোরের বাঘারপাড়া উপজেলার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দঘন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক গোলাম মোরশেদ তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. মীর কাশেম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক আবু সাঈদ মোহা. আতিকুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মিনা আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জয়নাল আবেদীন ও আবু উবাইদা শিমু।
বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
