ভবেরহাট’ যশোর এর আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান। ভবেরহাট যশোরের আয়োজনে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এ আয়োজনে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে ভবেরহাট যশোরের সদস্যরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক ও নৃত্য পরিবেশন করেন। নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও বিদ্রোহের চেতনাকে ধারণ করে পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবেরহাট যশোরের সভাপতি রিপা রায় ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র শীল। এছাড়া যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সোহানুর রহমান। বক্তব্যে তিনি কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও মুক্তির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আজও অন্যায়, বৈষম্য ও সংকীর্ণতার বিরুদ্ধে মানুষকে সচেতন ও অনুপ্রাণিত করে।’

বক্তারা বলেন, নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে। তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে বৈষম্যহীন, মুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরে নজরুলের গান, কবিতা, নাটক ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।