যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জি এম গোলাম হুসাইন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার ছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। আসামি গোলাম হুসাইন উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বরণডালি গ্রামের শেখ আনসার আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। এর আগে সে অভিযুক্ত শিক্ষকের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই সময় থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করতেন বলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে ডেকে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, অফিসে কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক ছাত্রীটিকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ছাত্রীটি কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে পারেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন ছাত্রীর বাবা। এ কারণে তিনি থানায় মামলা করেছেন।
