যশোর সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মোহন (১৯) নামে এক তরুণকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে নতুনহাট ডুমদিয়া এলাকায় মোহনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মোহন ওই এলাকার ইকবালের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার নজরুলের ছেলে রানা (২৫), হাসানের ছেলে মনিরুল (২২) ও মাসুম বিল্লাহর ছেলে নাসিম (২৫)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে মোহনের নিজ বাড়িতে তাঁকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করেন অভিযুক্তরা। এতে তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
