ছুটি ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমনে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেষ
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরতি বালা বিশ্বাসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ও ছুটি ছাড়াই বিদেশ ভ্রমনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরতি বালা বিশ্বাস গত ২৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময়ে তিনি ভারতে অবস্থান করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে বিদেশ ভ্রমণের আগে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি কিংবা প্রয়োজনীয় ছুটি গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, দীর্ঘ ২০ দিন অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আলোচনা শুরু হলে প্রধান শিক্ষক সাইদুর রহমানের সহযোগিতায় ওই সময়ের হাজিরা সংক্রান্ত বিষয়টি সমন্বয় করা হয়। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তারও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, বহিঃবাংলাদেশ ছুটি এবং প্রয়োজনীয় অনাপত্তি সনদ (এনওসি) গ্রহণের বিধান রয়েছে। এসব প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশ ভ্রমণ করা হয়ে থাকলে তা বিধিসম্মত হয়েছে কি না, সেটি তদন্তের বিষয়।
এদিকে প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরতি বালা বিশ্বাসের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
লিখিত আদেশে বলা হয়, দৈনিক কল্যাণ পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিংয়ের (কপি সংযুক্ত) পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিন তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করতে হবে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আরতি বালা বিশ্বাসের বিদেশ ভ্রমণ, ছুটি ও অনুমোদন সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে প্রকৃত তথ্য জানা যাবে।
