নড়াইলের অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ্ টুর্নামেন্টের পুরস্কার ও ২৫ হাজার চারা বিতরণ।

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ড. রাফি – ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নড়াইলের নড়াগাতী থানার অরুণিমা রিসোর্ট এন্ড গলফ ক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) এর সভাপতি মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) ইরফান আহমেদ।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতেই আমাদের এই আয়োজন। গলফ শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা ও ধৈর্যের প্রতীক।”

পরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী উদীয়মান জুনিয়র গলফারদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ কে এম শহিদুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গলফ ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক সুলতান মাহমুদকে তার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মান জানানো হয়।

অনুষ্ঠান শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগত অতিথি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।