বাঘারপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা, ৯২ মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উদযাপন এবং পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।

সভায় সরকারের অনুদানের চালের বরাদ্দ থেকে বাঘারপাড়া উপজেলার ৯২টি মন্দিরের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তার আহ্বান করেন এমপি গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. গোলাম রসুল বলেন, বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখা জরুরি। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন সুখে-শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলার ৯২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।