‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে যশোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৬ দিন আগে

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে যশোর জেলা কচি কন্ঠের আসর।

মঙ্গলবার, ২২জুলাই সকাল ১০টায় যশোর রেলগেট এলাকায় অবস্থিত রাঙ্গা প্রভাত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফুলের চারা বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শরীফ এ. মাসউদ হিমেল। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গা প্রভাত স্কুলের প্রধান শিক্ষক শিল্পী দে, সহকারী শিক্ষক শারমিন শরিফ, নারগিস খাতুন জুই, সাবরিন নাসের টুম্পা ও শাকিল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য রিফাত আহাম্মেদ বাবু।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব রাইয়াদ ফেরদৌস হামিম বলেন, “কচি কণ্ঠের আসরের উদ্যোগে প্রতি বছরের মতো আমরা এবারও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এ বছর আমরা দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণের সিদ্ধান্ত নিয়েছি। আজ প্রথম দিন অর্ধশত চারা বিতরণ করা হলো। বাকি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ ও বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্ন নিতে হবে। একটি গাছ বড় হয়ে উঠলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির অর্থ সচিব আমিনুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়ার পাশাপাশি সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান এবং সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার পরামর্শ দেন।