মেয়েকে হত্যার অভিযোগে বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের বাসিন্দা মোমিন গাজী তার মেয়ে সুমনা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি। শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোমিন গাজী জানান, ২০১৮ সালে যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার মুনসেফপুর গ্রামের মোঃ জসিম মোল্যার সঙ্গে তার মেয়ে সুমনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। অভিযোগ করে তিনি বলেন, বিয়ের পর থেকেই জসিম ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মেয়ের সংসার রক্ষায় তিনি একাধিকবার নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র দিলেও নির্যাতন থামেনি।

নিহতের বাবার দাবি, গত ২৯ এপ্রিল গভীর রাতে তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়। পরবর্তীতে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এবং পরে তাকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ও তারা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে তারা জানতে পারেন, হত্যার পর মরদেহ কিছু সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।

ঘটনায় জসিম মোল্যা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান মোমিন গাজী। তবে তিনি নিরক্ষর হওয়ায় আইনি প্রক্রিয়া ও আবেদন যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।