যশোর সিটি কলেজে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মণিহার চত্বরে পৌঁছে সমাবেশে মিলিত হয়। পরে বিক্ষোভকারীরা পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপের ওপর হামলা চালানো হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং মাদক সেবন ও বিক্রির মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

একই সঙ্গে ক্যাম্পাসে মাদকসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সহযোগিতায় এসব কর্মকাণ্ড প্রতিরোধের ওপর গুরুত্ব দেন বক্তারা।

সমাবেশে যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কলেজ প্রশাসন সতর্ক থাকবে।

যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নাওয়াজ ইমরান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ক্যাম্পাসে মাদকসহ যেকোনো অনিয়ম প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ফয়সালকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম চৌধুরী, সিনিয়র সহসভাপতি রাকিব হাসান তন্ময় ও সহসভাপতি মিনহাজুল আবেদিন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর সরকারি সিটি কলেজের পাশের একটি গলিতে ছুরিকাঘাতে আহত হন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপ (২৩)। পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন (১৮) নামের এক তরুণের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি অভিযোগ করেছেন, কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফয়সালের ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।