যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকাল ৫টায় ঝিকরগাছা প্রেসক্লাবে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিব কাওসার মোঃ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তারা বলেন, মরহুম শাহাদাত হোসাইন একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনদরদী নেতা ছিলেন। তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শ প্রচারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশন, ঝিকরগাছা, যশোর।
