মধ্যপ্রাচ্যের আরব-দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মুস্তাক আহমদ, জুবায়ের হোসেন ও আঃ কাদের বলে জানা গেছে। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন এই ছয়জন প্রবাসী। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা কবলিত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের মরদেহ।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
