ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় বিক্রি করতে এসে পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জানা গেছে, গত
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে খাজুরা বাজার আড়ৎপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. রাহুল হোসেন (৩০) এবং একই গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং-০৬ হিসেবে একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর এসআই রানা প্রতাপ ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই যাওয়া মোট ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নেকলেস ও দুই জোড়া স্বর্ণের কানের দুল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
