মনিরামপুরে নিজ বাড়ি থেকে প্রবাসী মিথুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍🏻: মনিরামপুর প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যশোরে মনিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে নিজ হাতে স্ত্রীকে বিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের কাবিননামায় উকিল হিসেবেও স্বাক্ষর করেছিলেন ওই যুবক। এর ঠিক দুই সপ্তাহ পর নিজ বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মিথুন হোসেন

পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান মিথুন হোসেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্ত্রীর চিৎকারে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে নিচে নামানো হলে ততক্ষণে তিনি মারা যান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে মিথুন হোসেন (২৮) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে মণিরামপুর থানা পুলিশ। নিহত মিথুন হোসেন ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে এবং পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। তাঁর সংসারে ছয় ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।