নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নড়াইল পৌর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে শিশুটির বড় বোনকে নিয়ে তার মা চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে যান। এ সময় বাড়িতে একা ছিল শিশুটি।
অভিযোগ রয়েছে, এই সুযোগে সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির চাচা তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মায়ের নজরে আসে। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
ঘটনার পরদিন রোববার (৪ অক্টোবর) শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মামলার অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।