নড়াইলে শহীদ রফিকুল-মফিজুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে, টাইব্রেকারে এবি স্পোর্টিং ক্লাবের জয়

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শহীদ রফিকুল-মফিজুর স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা।

শনিবার বিকাল ৪টায় শুরু হওয়া প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা খ্যাত মোঃ রবিউল ইসলাম রবি বিশ্বাস।

এদিনের খেলায় এবি স্পোর্টিং ক্লাব, নড়াইল বনাম এগিয়ে চলো স্পোর্টিং ক্লাব, নড়াইল মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে টানটান উত্তেজনায় এবি স্পোর্টিং ক্লাব ৫-৪ ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে শহীদ রফিকুল ও মফিজুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ দলের এই নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা চলাকালীন আগদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে ও যুব সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
আগামী সোমবার একই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।