যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় রূপদিয়া মুন্সি কমিউনিটি সেন্টারে রূপদিয়া প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল খান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মুবিনুল ইসলাম মবিন, দৈনিক প্রভাতফেরী নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার হোসেন খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আশরাফ আলী, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, যশোর জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মালেক খান, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক একরাম হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আশরাফুল ইসলাম, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মুবিনুল ইসলাম মবিন বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সমাজের অন্যায়, জুলুম, অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে কলমের শক্তির মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।”
সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার মাধ্যমে রূপদিয়া প্রেসক্লাবকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
নবনির্বাচিত কমিটি: রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে সভাপতি রবিউল খান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ ,দপ্তর সম্পাদক আজিজুর রহমান এবং নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম, রাসেল মাহমুদ, মহিউদ্দিন সানি ও আক্তার হোসেন।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলমi
সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম।
সভায় সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ এবং এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
