বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। আগামী ৪ নভেম্বর কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১৪ নভেম্বর যশোর টাউন হল ময়দানে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় যশোরের কারবালা কবরস্থানে প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় একই স্থানে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হবে।
এ ছাড়া দিনব্যাপী যশোর জেলার বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে স্মরণসভার আয়োজন করেছে জেলা বিএনপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকবেন।
যশোর জেলা বিএনপির পক্ষে অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়েছে।
