
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার সকালে শুরু হওয়া তীব্র ঝড় ও বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রাস্তাঘাট-ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর কয়েকটি খুটি ভেঙে অনেক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, একদিন পরেই ঈদ, ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটার ব্যস্ত সময়ের মধ্যেই এই ঝড়োবৃষ্টি জনজীবনে চরম দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড, সাইনবোর্ড ভেঙে পড়ে এবং কয়েকটি ঘরের টিনের চাল উড়ে যায়। বেশকটি সড়কে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে কাঁদা-মাটিতে একাকার হওয়ার ফলে ঈদের বাজার করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা পড়েছে চরম দূর্ভোগে।
