বাঘারপাড়ায় মায়ের ওপর ছেলের নির্যাতন, বাড়িতে হামলা ও লুটপাট

লেখক: বাঘারপাড়া প্রতিনিধি
প্রকাশ: ৪ দিন আগে
Deshdristi24

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের জামালপুর গ্রামে এক বৃদ্ধা মায়ের ওপর নিজ ছেলে ও তার সহযোগীদের নির্যাতন, হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শুকুরন নেছা (৭০) বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে শুকুরন নেছা একাই বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেন, তার বড় ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৩) ও মোছা: রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এছাড়া তার ভরণ-পোষণের দায়িত্ব পালন না করে উল্টো তার সম্পত্তি ও গাছের ফল জোরপূর্বক বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগী জানান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন ২০২৬ তারিখে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে অভিযোগ অনুযায়ী, জিডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।
এরই ধারাবাহিকতায় গত ৯ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত ইকবাল হোসেন, তার সহযোগীরা এবং তার মেয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় তারা বৃদ্ধা মাকে মারধর করে আহত করে এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে ঘরে থাকা মূল্যবান মালামাল ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিযুক্তরা ততক্ষণে ক্ষয়ক্ষতি সাধন করে চলে যায়।
ভুক্তভোগী বৃদ্ধা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।