যশোর ডিসি অফিসের পাশে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি বাগেরহাটের মংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে তুহিন শেখ (২৭)। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নুরপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার ৫০ সিসি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে তারা ট্রেজারি গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান।

খবর পেয়ে ট্রেজারি গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করেন। পরে বিষয়টি যশোর কোতোয়ালি থানাকে অবহিত করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।