বাঘারপাড়ায় প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর ব্যতিক্রমী উদ্যোগ

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সামাজিক বনায়ন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় রেললাইনের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তালের বীজ রোপণ করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বন্ধু মহল’।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর রেল জংশন এলাকায় রেললাইনের দুই ধার ঘেঁষে এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে সংগঠনটির পক্ষ থেকে তালের বীজ রোপণ করা হয়।
কর্মসূচিতে বন্ধু মহলের নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে রেললাইনের দুই পাশে নির্ধারিত স্থানে এই তালের বীজ রোপণ করেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই তালের বীজ রোপনের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও একধরণের আগ্রহের সৃষ্টি হয়। এসময়,
বন্ধু মহলের সভাপতি আনিছুর রহমান বিপ্লব বলেন, “বন্ধু মহল শুধু সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়। তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার নিয়ে কাজ করা, সামাজিক অবক্ষয় রোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । এরই ধারাবাহিকতায় রেললাইনের দুই পাশে তালের বীজ রোপণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রকৃতিকে বাঁচাতে হলে এখন থেকেই বৃক্ষরোপণ ও সামাজিক বনায়নের প্রতি গুরুত্ব দিতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা এবং বীজ রোপণের কর্মসূচি অব্যাহত রাখবে তারা।
বন্ধু মহলের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
স্থানীয় সচেতন মহলের মতে, রেললাইনের দীর্ঘ দুই পাশের অনাবাদি জায়গাকে পরিবেশ বান্ধব ও সবুজায়নের আওতায় আনার এ উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে তালের গাছ বেড়ে উঠলে এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে তাদের অভিমত